রেজাউল করিম চৌধুরী
মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন
দেশ রূপান্তর : এবারের মাস্টারপ্ল্যান নিয়ে আপনাদের (সিটি করপোরেশন) সঙ্গে কি সিডিএ বৈঠক করেছে?
রেজাউল করিম চৌধুরী : মাস্টারপ্ল্যানের কোথায় কী হবে তা নিয়ে আমাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গেও মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটি বৈঠক করছে। এ ধরনের বৈঠক আগে কখনো হয়নি বলে শুনেছি। এবার তাদের (সিডিএ) এই উদ্যোগ প্রশংসনীয়।
দেশ রূপান্তর : আগের মাস্টারপ্ল্যানে সমস্যা কোথায় ছিল বলে মনে করেন?
রেজাউল করিম চৌধুরী : একটি মাস্টারপ্ল্যান করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। সবকিছু দেখভাল করে যে প্ল্যানটি করা হয় তা সবাইকে মেনে চলা উচিত। কিন্তু এখানে সেই প্ল্যান মেনে ভবন নির্মাণ কিংবা নগরায়ণের ব্যত্যয় ঘটেছে।
দেশ রূপান্তর : কিন্তু এই প্ল্যানে অনেক ভুল ছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি খোদ সিডিএও এই প্ল্যান অনুসরণ করেনি।
রেজাউল করিম চৌধুরী : এটা একটি অন্যতম ফ্যাক্টর। বিশাল এই প্ল্যান করতে গিয়ে কিছু ভুলত্রুটি থাকতে পারে। সেই ভুলগুলো শনাক্ত হওয়ার পর সংশোধনের ব্যবস্থাও থাকতে হবে। অন্যথায় এই প্ল্যানের ওপর মানুষের আস্থা থাকবে না। তবে প্ল্যান মেনে ভবন নির্মাণে আমাদের একমত থাকতে হবে।
দেশ রূপান্তর : তবে আগামীর প্ল্যানে নগরীর পরিবেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
রেজাউল করিম চৌধুরী : আগে ইতিমধ্যে আমার মতামত সিডিএকে জানিয়েছি। নগর পরিকল্পনায় চট্টগ্রামকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তোলার জন্য যেভাবে পরিকল্পনা করা দরকার সেভাবে পরিকল্পনা করতে বলেছি। আর তা করতে গিয়ে নগরীতে উন্মুক্ত স্থান রাখা, পাহাড় ও জলাধারগুলো রক্ষাসহ পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় চট্টগ্রাম ইট-পাথরের জঞ্জালের একটি শহরে পরিণত হবে।
দেশ রূপান্তর : নগর পরিকল্পনায় সিডিএ’র বর্তমান রুটিন কাজের মধ্যে চট্টগ্রাম সিটি কপোরেশনের সঙ্গে এখনই সমন্বয় করা যায় কোন কাজটি?
রেজাউল করিম চৌধুরী : সিডিএ ভবন নির্মাণের অনুমোদন দিয়ে থাকে। কিন্তু ভবন নির্মাণের সময় আমাদের ফুটপাতও দখল করা হয়। এছাড়া ভবনের সামনের অংশ রাস্তার জন্য ছেড়ে দিয়ে (সারেন্ডার ল্যান্ড) বহুতল ভবনের অনুমোদন পেলেও সেই অংশ পরবর্তী সময়ে ভবন মালিক ব্যবহার করে। যদি ভবনের প্ল্যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অবগত থাকতেন তাহলে সিটি করপোরেশনের জায়গা ভবন মালিক নিতে পারতেন না। এক্ষেত্রে সিডিএ ও সিটি করপোরেশন এখনই সমন্বয় করে কাজ করতে পারে।
দেশ রূপান্তর : আগামীর মাস্টারপ্ল্যান নিয়ে আপনার পরামর্শ কী?
রেজাউল করিম চৌধুরী : অনেক কষ্ট করে এবং অর্থ খরচ করে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন হতে যাচ্ছে। এই প্ল্যানটি যাতে বাস্তবায়ন হয় তা নিশ্চিত করতে হবে।