শ্যুটিংয়ে দগ্ধ অভিনেত্রী আঁখি সংকটাপন্ন

রাজধানীর মিরপুর শ্যুটিং স্পটে আগুনে দগ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্বাসনালিসহ তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত শনিবার দুপুর ২টার দিকে দগ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, শ্বাসনালিসহ তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছি।

স্বজনরা জানান, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো. শাহবুদ্দিনের মেয়ে শারমিন। ৩-৪ বছর আগে তার বিয়ে হয়েছে। তার স্বামীর বাড়ি চট্টগ্রাম আকবরশাহ। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ে’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরে বেশকিছু টিভি নাটকে কাজ করেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। এতে শারমিন নামে ওই তরুণী দগ্ধ হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখছি।

হাসপাতালে শারমিনের স্বামী নির্মাতা রাহাত কবির জানান, তারা পল্লবী স্যান্ড হাউজিংয়ে থাকেন। শনিবার সকালে তিনি নিজেই শারমিনকে মিরপুর-১১, কালশি রোড এ্যাপেক্স শোরুমের পাশের একটি শ্যুটিং স্পটে নামিয়ে দিয়ে কাজে চলে যান। এরপর দুপুরে তিনি খবর পান, সেখানেই দগ্ধ হয়েছেন শারমিন। পরে তিনি তাকে সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার দুই হাত-পা, মুখম-ল ও মাথার একপাশ দগ্ধ হয়েছে।

শারমিনের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে শারমিন মেকআপ রুমে ঢোকেন। মেকআপ রুমের ভেতরেই টয়লেট। সেখানে হেয়ার স্ট্রেট দিয়ে চুল ঠিক করার পর প্লাগ খুলতেই স্পার্ক হয়। এরপরই বিস্ফোরণ হয়। তার ধারণা, ঘটনার আগে মেকআপ রুমে কেউ বডি স্প্রে ব্যবহার করতে পারেন, যা সেখানকার বাতাসে ছিল। এর কারণেও বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। এছাড়া শ্যুটিং হাউজটি সম্পূর্ণ নতুন এবং সবেমাত্র রঙ করা। সেখানে রঙের প্রচুর গন্ধও ছিল।

মেকআপ রুমে তিনি ধূমপান করছিলেন কি না এমন প্রশ্নের জবাবে রাহাত জানান, তার জানামতে শারমিন ধূমপান করে না।