চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারদের হাতে মার খেলেন প্রকৌশলী। শুধু মেরেই ক্ষান্ত হননি ক্ষুব্ধ ঠিকাদাররা। প্রকৌশলীর কক্ষটি ভাঙচুরও করেন এবং ভেঙে ফেলেন কক্ষের বাইরের নামফলকও। গতকাল রবিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর কক্ষে এ ঘটনা ঘটে। ২২০ কোটি টাকার ৩৭টি উন্নয়নকাজ তিনটি প্রতিষ্ঠানকে ভাগবাটোয়ারা করে দেওয়ার অভিযোগ তুলে একদল ঠিকাদার এ কা- ঘটান।
এদিকে করপোরেশনের প্রকল্প পরিচালকের কার্যালয়ে হামলার ঘটনার গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানান খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। ভুক্তভোগীর অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী। এ সময় ২০-২২ জন ঠিকাদার অনুমতি না নিয়ে কক্ষে ঢুকে অতর্কিতভাবে তার ওপর চড়াও হন। ইয়াজদানীকে তারা কিলঘুষি মারতে থাকেন। এ সময় তাকে রক্ষা করতে এলে অফিস সহকারী তিলক দেও মারধরের শিকার হন।
তিলক দে সাংবাদিকদের বলেন, ‘স্যারের অনুমতি না নিয়ে ১০ থেকে ১২ জন লোক ঢুকে কথা বলার একপর্যায়ে স্যারকে মারধর করতে থাকে। তাকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন কয়েকজন। স্যারের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলে তারা। আমি স্যারকে রক্ষা করতে গেলে তারা আমাকেও বেধড়ক মারধর করে। প্রায় ১০-১২ মিনিট তান্ডব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।’
গোলাম ইয়াজদানী সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, ‘তদবির করে সড়কের কাজ না পাওয়ায় কিছু ঠিকাদার (নাজিম, সুভাষ, শাহাব উদ্দিন, সঞ্জয় ভৌমিক কঙ্কন, হাবিব ও মোহাম্মদ ফেরদৌসের নেতৃত্বে অন্তত ১০-১২ জন) আমার কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে। আমাকে কিলঘুষি মেরে আহত করেছে।’
প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক কাজ যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদহানি ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা করা হবে। একই সঙ্গে এসব ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে। সিটি করপোরেশন কারও “মামা বাড়ি” নয় যে চাইলেই কাজ দেওয়া হবে। কাজ না পেলে তারা (ঠিকাদার) আমাকে বলতে পারত অথবা অভিযোগ জানাতে পারত।’
সিটি করপোরেশন সূত্র জানায়, ২ হাজার ৩৯২ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় গত ডিসেম্বরে ২২০ কোটি টাকার ৩৭টি কাজের দরপত্র দেওয়া হয়। ইজিপি পদ্ধতিতে দেওয়া দরপত্রে চূড়ান্ত পর্যায়ে তিনজন ঠিকাদার পান ৩৪টি কাজ। এর মধ্যে ঠিকাদার রোকন উদ্দিনের ইকবাল ব্রাদার্স ২২টি, মো. আলাউদ্দিন মোল্লার দ্য কনস্ট্রাকশন ট্রেড আটটি এবং কাশেম কনস্ট্রাকশন চারটি কাজ পায়। এর বাইরে তিনটি কাজ পায় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এক প্রতিষ্ঠানকে একাধিক কাজ না দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। ইতিপূর্বে অনেক কাজ যথাসময়ে শেষ করতে না পারা এবং প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর এ অনুশাসন। নগরীর পোর্ট কানেকটিং সড়কসহ অতীতে একাধিক কাজ কয়েকজন ঠিকাদার পাওয়ায় এ নিয়ে নগরবাসীকে নজিরবিহীন ভোগান্তিতে পড়তে হয়। আর এতেই ঠিকাদারদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে বলে জানা যায়।
সংশ্লিষ্ট একাধিক ঠিকাদার ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, ইজিপি পদ্ধতিতে দরপত্র দেওয়া হলেও কাজ বরাদ্দের পুরো প্রক্রিয়াটিই প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ন্ত্রণে থাকে। ফলে তাদের পছন্দের ঠিকাদারদের কাজ পেতে সুবিধা হয়।
হামলার ঘটনা প্রসঙ্গে একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রকল্প পরিচালকের কক্ষে গিয়ে বলেছি কাজ যেহেতু দেননি আমাদের পে অর্ডার ফেরত দেন। তখন তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তখন আমাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কিন্তু আমরা ভাঙচুর করিনি।