এইচএসসি ও সমমানের ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে। গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন। আমরা পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মধ্যে এ বছরের ফল প্রকাশ করতে যাচ্ছি।’ জানা যায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার কথা ছিল গত বছরের ১ ফেব্রুয়ারি। কিন্তু করোনার
প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের ঠিকমতো পড়ালেখা হয়নি। ফলে কিছুটা পিছিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বন্যার ধাক্কায় সেই পরীক্ষা আরও পিছিয়ে যায়। এই ফল প্রকাশের ফলে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে।
২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করে শিক্ষাবোর্ডগুলো। সে হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু ৫৭ দিনের মাথায় এই ফল প্রকাশ করতে যাচ্ছে বোর্ডগুলো।