বনরক্ষীদের গুলি ছিনতাই-চক্র ও জিনের বাদশা আটক

বনরক্ষীদের কাছ থেকে কাঠবোঝাই গাড়ি ও গুলি ছিনতাইয়ের ঘটনায় তিন বনদস্যুকে আটক করেছে র‌্যাব। একই সাথে কথিত জিনের বাদশাসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব -১৪ এর সিপিসি ৩-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত ২৫ জানুয়ারি গভীর রাতে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের অরনখোলা এলাকায় গজারি গাছ কেটে তা পাচার করছে বলে গোপন সংবাদ পান বন কর্মকর্তা হামিদুল ইসলাম। এরপর বনরক্ষীদের নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছে বাধা দিলে ২৫/৩০ জন বনদস্যু তাদের বেধড়ক পেটায়। এ সময় তারা রাইফেলের চার রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পাঁচ দিন পর র‌্যাব-১৪ এর সিপিসি ৩ সদস্যরা টাঙ্গাইল ও গাজিপুরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। তবে ছিনতাই হওয়া গুলি এখনো উদ্ধার করা যায়নি।

গ্রেপ্তারকৃতরা হলো শাহাদত আলী, আব্দুল মালেক ও সাইদুল ইসলাম। এদের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।

এদিকে একই দিনে কথিত জিনের বাদশাসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানান। র‌্যাব-১৪ এবং র‌্যাব-৮ এর এক যৌথ অভিযানে কথিত জিনের বাদশা ও তার সহযোগীকে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চকঢোষ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো একই জেলার চকঢোষ গ্রামের আবুল কাশেম মাতাব্বরের ছেলে মো. আকবর আলী ও জলির মাতব্বরের ছেলে মো. মিরাজ হোসেন।

র‌্যাব-১৪ এর সিপিসি ৩ কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে আরও জানান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথিত জিনের বাদশা আকবর আলী। ধর্মীয় নানা প্রভোলন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে সাত লাখ টাকার বেশি হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কাালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা প্রতারকচক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।