সখীপুর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে সাত দিনের মধ্যে সমন্বিত কমিটি ঘোষণার দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতারা সখীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

এর আগে ঘোষিত কমিটিকে সমন্বয়হীন উল্লেখ করে গত রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে গতকাল দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ গতকালের সব কর্মসূচি স্থগিত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বিত কমিটি ঘোষণার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেয়।

গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। এ সময় উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।