ভাষার মাসের প্রথম দিনে বাংলায় ১৪৯ রায় ও আদেশ

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্টে ১৪৯ রায় ও আদেশ হয়েছে বাংলায়। এর মধ্যে চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ১৪৫টি মামলার সবগুলোতে বাংলায় আদেশ দিয়েছেন। ভাষার মাসে চেম্বার আদালতের সব আদেশ বাংলায় দেওয়া হবে বলে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আদালতের বিচারপতি।

এছাড়া হাইকোর্টের আরও চারটি বেঞ্চ থেকে রায় ও আদেশ এসেছে বাংলায়। চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) চেম্বার আদালতের কার্যতালিকায় ১৪৫টি মামলা ছিল। এর সবগুলোতে বাংলায় আদেশ হয়েছে।’

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় দিয়েছে। ২ লাখ টাকা বিলের জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে বরগুনার সংশ্লিষ্ট আদালতে খারিজ হওয়া একটি মামলার আদেশের বিরুদ্ধে রুল দিয়েছিল হাইকোর্ট। গতকাল রায়ে মামলার গুণাগুণের ভিত্তিতে বিচারিক আদালতে বিচার নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, তার ১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিয়েছেন তিনি। ভাষার মাসে বাংলায় আরও  দেবেন বলে তিনি উল্লেখ করেন।’

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ অর্পিত সম্পত্তি সংক্রান্ত একটি রিট মামলায় দেওয়া রুল নিষ্পত্তি করে বাংলায় রায় দেন। রায়ে মামলাটি আপিল ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ হয়। বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত দেশ রূপান্তরকে বলেন, ‘ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে রায়টি বাংলায় দেওয়া হয়েছে।’

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ বাংলায় একটি আদেশ দেন। রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো ৫০টি তালগাছ বিনষ্ট করতে কীটনাশক প্রয়োগ করেন স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম। হাইকোর্ট ওই ব্যক্তিকে আগামী ১২ ফেব্রুয়ারি হাজির হতে তলব করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে রুল দিয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ফৌজদারি সংক্রান্ত একটি মামলায় বাংলায় রায় দেন।

বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারপতি এমনিতে নিয়মিত রায় দেন। আজও বাংলায় রায় দিয়েছেন।’