আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাংলাদেশে পৌঁছেছে। প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে ৪৭ কোটি ৬১ লাখ (৪৭৬.১৭ মিলিয়ন) ডলার। এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। এতে বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার আজ (গতকাল) এসেছে। এই অর্থ দেশের বৈদেশিক ম্দ্রুার রিজার্ভের সঙ্গে যুক্ত হওয়ায় বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলার সংকটের কারণে এই মুহূর্তে আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। গত সোমবার আইএমএফ পরিচালনা বোর্ড ঋণ অনুমোদন করে। এ মাসের ১০ তারিখের মধ্যেই এই ঋণ আসার কথা ছিল, যা আজ জমা হয়েছে।

গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। তার ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে ওঠে। ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন পায়। ওইদিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানিয়ে দেয়।