তিন দিনের সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কলম্বো গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলছে, এ সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। এছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি ও নেপালের সদ্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা বিমলা রায় পাওডেল এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সফরকালীন আবাসস্থল হিলটন কলম্বোতে সফরসঙ্গীদের নিয়ে উঠেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ হাউজের আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় নৈশভোজে যোগ দেন তিনি।

সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে দেশটির প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় একটি লেকচার সিরিজে ও রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরের তৃতীয় দিন আগামীকাল শনিবার সকালে গালে ফেস গ্রিন গার্ডেনে আয়োজিত শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দেবেন ড. মোমেন। এ দিন দুপুরে সফরকালীন আবাসস্থল হিলটন কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বিকেলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায় পাওডেলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন ড. মোমেন। একই দিন সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে শ্রীলঙ্কা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী।