বগুড়া-৪ উপনির্বাচন

ফল পুনঃযাচাইয়ে গরমিল পায়নি নির্বাচন কমিশন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ফল পাল্টানোর অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন আলোচিত এ প্রার্থী। তবে হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগ বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখার জন্য বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে নির্দেশ দেন তিনি। সিইসির নির্দেশনা অনুযায়ী ফলাফল পুনঃযাচাই করা হয়। এতে ঘোষিত ফলাফলের সঙ্গে ইভিএম মেশিনে পড়া ভোটের হিসাবের কোনো গরমিল পায়নি নির্বাচন কমিশন।

সিইসি নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান দেশ রূপান্তরকে জানান, সিইসির কর্তৃক নির্দেশনা পাওয়ার পরপরই নন্দীগ্রাম উপজেলার সবকটি ভোটকেন্দ্রের ইভিএম মেশিনে প্রাপ্ত ফলাফল পুনঃযাচাই করা হয়েছে। ঘোষিত ফলাফলের সঙ্গে ইভিএম মেশিনে পড়া ভোটের হিসাব দেখা হয়েছে, যা শতভাগ নির্ভুল আছে। প্রয়োজন হলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম কেন্দ্রভিত্তিক ফলাফল নিয়ে যাচাই করতে পারেন।

তিনি বলেন, হিরো আলম সংবাদ সম্মেলন করায় বৃহস্পতিবার সিইসি টেলিফোনে ফলাফল পুনঃযাচাইয়ের নির্দেশ দেন। তবে আমরা দেখেছি আমাদের ফলাফলে কোনো ত্রুটি নেই। তবে কেউ আদালতে রিট করতে চাইলে, তা তিনি পারেন। হিরো কাহালু উপজেলায় বেশি ভোট পেয়েছেন তাই কিছু বলছেন না, নন্দীগ্রামে কম ভোট পেয়েছেন। তাই হয়তো এমনটা মনে হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ওনার (হিরো আলম) অভিযোগের কোনো ভিত্তি নেই। তার অভিযোগ আমলে নিয়ে সকাল থেকে আমরা ডিসি সাহেব, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ ধরনের কোনো বিষয় তাদের কাছে নেই। তদের রেজাল্ট শতভাগ ঠিক।

তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতিটা কিন্তু এরকমই। হেরে গেলে প্রশ্নবিদ্ধ করার নানান ধরনের প্রবণতা কিন্তু আছে আমাদের দেশে। এটা শুধু হিরো আলম সাহেব নয়, অমারা যতগুলো ইলেকশন করলাম, সব জায়গায় এ ধরনের প্রবণতা আমার লক্ষ করেছি।

এজেন্টের হাতে ফলাফল দেওয়া হয়নি হিরো আলমের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছি, নন্দীগ্রামে খুব একটা এজেন্ট দেননি। ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমি আর এসপি অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা ওখানে গিয়ে ওনার (হিরো আলমের) এজেন্ট পাইনি। নির্বাচন চলাকালে উনি বরাবরই বলেছেন ভোট ভালো হয়েছে। উনি সাক্ষাৎকারে বলেছেন হেরে গেলেও ফলাফল মেনে নেবেন। হেরে গেছেন তাই কষ্ট হচ্ছে। কষ্ট উনি নানাভাবে প্রকাশ করছেন। এটা উনি করতে পারেন। একজন মানুষ বললে তো হয় না। প্রমাণ তো থাকতে হবে।

এর আগে গত বুধবার নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে আশরাফুল হোসেন ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ভোট চুরি হয়নি, ফলাফল ছিনতাই হয়েছে। ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে যাব। সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, ভোট গ্রহণের পর নন্দীগ্রাম উপজেলা প্রশাসনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ থেকে যখন ফলাফল ঘোষণা চলছিল, তখন ৪৯টি কেন্দ্রের মধ্যে ১ থেকে ৩৯টি কেন্দ্রের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হয়। এরপর ফলাফল ঘোষণায় বিরতি দেওয়া হয়। কিছু সময় পর ১০ কেন্দ্রের ফল কেন্দ্রভিত্তিক ঘোষণা না করেই জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এ ফলাফল বানানো হয়েছে।

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনের উপনির্বাচন শেষ হয়েছে গত বুধবার। এই নির্বাচনে বগুড়া-৬ এবং বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এতে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন তিনি।  একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। নির্বাচনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২। এর আগে ২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসন থেকে নির্বাচন করেন। সেবার জামানত হারিয়েছিলেন তিনি।

দুই সাংবাদিকের ওপর যুবলীগ নেতার হামলা : হিরো আলমের সংবাদ করায় বগুড়ার দুই সাংবাদিকের ওপর হামলা করেছে শরিফুল ইসলাম শিপুল নামে এক যুবলীগ নেতা। বুধবার রাত ১২টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবের অফিস রুমে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতার হামলায় শিকার হওয়া দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জেএম রউফ ও স্থানীয় পত্রিকা দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম।

অভিযুক্ত যুবলীগ নেতার শরিফুল ইসলাম শিপুল বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি ও শহরের লতিফপুর এলাকার বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিপুল।