দেশে সরকারের একের পর এক উন্নয়ন দেখে বিএনপি অন্তজ্বালায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলনে, ‘উন্নয়ন মাত্র শুরু হয়েছে, উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন দেখে বিরোধী দলের জ্বালা করছে, অন্তজ্বালা। কত জ্বালা? পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, উড়াল সেতুর জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ সড়কের জ্বালা। তারা অন্তজ্বালায় মরে যাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার সকালে দেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘সামনে আছে রূপপুর, মাতারবাড়ী, পায়রা, রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বিজয়, সীমান্ত বিজয় এ সবই শেখ হাসিনার উন্নয়নের অর্জন। এই অর্জন বিএনপি সইতে পারে না। ফলে তারা অন্তর্জ্বালায় ভুগছে।’
আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। লাল কার্ড দেখবেন না? ১০ ডিসেম্বর সরকার পতন, তারেক রহমানের আগমন সবই ভুয়া। বিএনপির আন্দোলন ও সরকার পতন সবই ভুয়া।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন করছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায়। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। কাজেই আপনারা প্রস্তুত থাকেন, সামনে খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা। ষড়যন্ত্রের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে আপনারা প্রস্তুত থাকবেন।’
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এ বছরই চালু করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হওয়াতে সারা দেশের মানুষ এখন মেতে উঠেছে। লুঙ্গি পরে মেট্রোরেলে উঠতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। সে কী আকর্ষণ! ছয়টি মেট্রোরেল চালু হলে ২০৩০ সালে ঢাকার আশপাশ নতুন সাজে সাজবে।’
তিনি আরও বলেন, ‘এই জনপদে দুজন মানুষ কোনো দিন অস্তিত্ব হারাবেন না। একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার জন্য। তারই পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে বেঁচে থাকবেন।’ বাসস