ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহ কোটচাদপুর উপজেলার ডালিমপুর এলাকায় মাটিকাটা ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন রবি নামের অপর এক যুবক।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল যশোর জেলার গতখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মাহমুদুল হাসান ও রবি কালীগঞ্জ জাপান টোব্যাকো কোম্পানিতে কাজ করেন। তারা কোটচাদপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে কোম্পানির টাকা কালেকশন করছিলেন। পথিমধ্যে ডালিমপুর (বেলেমাঠ পাড়া) এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করে। আহত রবি কোটচাদপুরে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোর হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।

কোটচাদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, মৃতদেহটি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সেই রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।