সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। অবশ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন উড়োজাহাজের ১৪৮ জন যাত্রী। কিন্তু ওই ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়। এ ছাড়া অন্য ফ্লাইট চলাচলও আড়াই ঘণ্টার বেশি বন্ধ ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
গতকাল শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন বলে সূত্রটি জানায়।
ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এতে প্রায় ৩ ঘণ্টা পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের জন্য রানওয়েতে চলতে শুরু করে। কিছুক্ষণ চলার পর বিকট শব্দে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এ সময় উড়োজাহাজে প্রচন্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চাকা ফাটার পর পাইলট উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করে রানওয়েতে ফিরিয়ে নিয়ে আসেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় ৩ ঘণ্টা পর অন্য একটি ফ্লাইটে ওই যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।