ক্লোয়ি চেরির বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগ

ক্লোয়ি চেরির শুরুটা মডেলিং দিয়ে শুরু করলেও এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। তবে টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’য় ফেয়ি চরিত্র করে প্রশংসা পান। এবার খবরের শিরোনাম হলেন অন্য কারণে। ক্লোয়ির বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগ আনা হয়েছে।

গেল ডিসেম্বরে ঘটে যাওয়া এক চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ক্লোয়িকে। অভিযোগ উঠেছে, ক্লোয়ি পেনসিলভানিয়ার স্থানীয় এক দোকান থেকে গত ২৭ ডিসেম্বর ২৮ ডলারের একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান। পরে পোশাকটির মূল্য পরিশোধ করেননি, ফেরতও দেননি। মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের কাছে দোকানের এক কর্মচারী জানিয়েছেন, ক্লোয়ি যে গত ডিসেম্বরে তাদের দোকানে ঢুকেছিলেন, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। গণমাধ্যম সূত্রগুলো আরও জানিয়েছে, ক্লোয়ি পুলিশের কাছে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তিনি পোশাকটি ফেরতও দিয়েছেন।

ক্লোয়ি চেরির প্রতিনিধি বলেন, ‘আমার মক্কেল ক্রেডিট কার্ডে ঠিকমতো মূল্য পরিশোধ না করেই জামাটি নিয়ে গেছেন, যা আদৌ সত্যি নয়। সম্ভবত স্থানীয় দোকানটি তারকার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছে।’ আগামী ১ মার্চ মামলাটির শুনানি হবে।