জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ১১ নেতাকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার তাদের মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ১১ ছাত্রলীগ নেতার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় কর্মর্সূচি।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সুজন দত্তের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হেলাল উদ্দিন, গোলাম মহিউদ্দিন খান খোকন, মাহবুবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফ খান আশা।
প্রসঙ্গত ২০১১ সালের ৪ ফ্রেব্রুয়ারি তখনকার উপনির্বাচনে বিজয়ী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারতে যান। ফেরার পথে সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাসে থাকা ১১ ছাত্রলীগ নেতা নিহত হন।