আখের অভাবে মাড়াই বন্ধ

কেরুর চিনিকলে ৬০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম মৌসুমের ৪২ কার্যদিবসের মাথায় আখ মাড়াই বন্ধ করে দিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি।

চলতি ২০২২-২৩ মৌসুমে ৫৩ দিন মাড়াইয়ের লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে ৪২ দিনেই তা বন্ধ করা হয়। ফলে এবার কেরুর চিনিকলে অন্তত ৬০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার ভোরে আখেরি হুইসেল বাজিয়ে আখ মাড়াই বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম।

চিনিকলের কারখানা বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২০২৩ মৌসুমে ৫৩ দিনে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।

তবে ৪২ দিনে চিনিকলে ৪৬ হাজার ৬০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এতে ২ হাজার ২১৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে জানায় চিনিকল কর্তৃপক্ষ।

দেশের অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে ২০২১-২২ মৌসুমে ৭০ কোটি টাকা লোকসান হয়। মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম জানান, এ বছরও চিনিকলটিতে ৬০ থেকে ৬৫ কোটি টাকা লোকসান হবে।

তিনি জানান, ১৯৩৮ সালে চিনিকলটি প্রতিষ্ঠার পর এই প্রথম আখের অভাবে মৌসুমের মাত্র ৪২ কার্যদিবসের মাথায় মাড়াই বন্ধ করে দিতে হলো।