ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি কারামুক্ত হয়েছেন। গত শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয়। নিজের আটকাদেশের বিরুদ্ধে দুদিন ধরে কারাগারে অনশনে ছিলেন ৬২ বছর বয়সী জাফর পানাহি। এর পরই তাকে প্রথমে জামিন ও পরে মুক্তি দেওয়া হলো।
গত বছরের জুলাইয়ে ইরানে দুজন চলচ্চিত্র পরিচালকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনা করেন জাফর পানাহি। পরে তাদের মুক্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে তিনি নিজেও গ্রেপ্তার হন। সাত মাস তাকে কারাগারে থাকতে হয়।
জাফর পানাহির মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’ (সিএইচআরআই)।
পরে ইরানের সংস্কারবাদী পত্রিকা ‘শার্গে’ প্রকাশিত ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা গেছে। এছাড়া তার স্ত্রী তাহেরেহ সাঈদিও ইন্সটাগ্রামে একই ছবি পোস্ট করেছেন।
ইরানি সিনেমা অঙ্গনের তারকা পরিচালক জাফর পানাহি বর্তমানে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনেরও পরিচিত নাম। তিনি ‘দ্য হোয়াইট বেলুন’, ‘অফসাইড’, ‘দ্য মিরর’, ‘দ্য সারকেল’সহ বিভিন্ন সিনেমা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন ও আন্তর্জাতিক পুরস্কার পান। ২০১৫ সালে ‘ট্যাক্সি’ সিনেমা বানিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বড় পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ জয় করেন জাফর পানাহি। ২০১৮ সালে ‘থ্রি ফেইসেস’ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে জেতেন শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।