চট্টগ্রামে তথ্যমন্ত্রী

বিএনপি ভবিষ্যতে হামাগুড়ি দেওয়া শুরু করবে

দম ফুরিয়ে গেছে বলে বিএনপি এখন হাঁটছে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি ভবিষ্যতে হামাগুড়ি দেওয়া শুরু করবে।

গতকাল শনিবার নগরীর আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে হাছান মাহমুদ এ কথা বলেন।

সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারা এর আগে ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ চলবে। তারা ১০ লাখ মানুষের সমাবেশের ঘোষণা দিল। কিন্তু শেষ পর্যন্ত গরুর হাটে ৩৫ হাজার মানুষের সমাবেশ করল। আর বিএনপির অফিসে মিলল তাজা বোমা। তারা ঢাকা শহরে বিশৃঙ্খলা করতে চেয়েছিল।’ 

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে খোঁচা দিয়েছে। তাতে আওয়ামী লীগ জ্বলে উঠেছে। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখন লাইনে এসেছে। জেল থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল বক্তৃতা পরিবর্তন করেছেন। আগে বলেছিলেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। কিন্তু আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই পড়ে যান। এখন বলছেন, ধাক্কা নয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চান। আসুন, আপনারা নির্বাচনে আসুন।’

সমাবেশে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন বাবুল, অর্থ সম্পাদক আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।

এদিকে নাসিমন ভবনে বিএনপির বিভাগীয় সমাবেশের অদূরে ওয়াসা মোড়ে ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের নেতৃত্বে একদল যুবক লাঠি নিয়ে অবস্থান নেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। সমাবেশ শেষে লাঠি হাতে একটি দল দামপাড়া এলাকায় মিছিল করে। ছাত্র যুব কমান্ড নামের একটি সংগঠনের উদ্যোগে বহদ্দারহাটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে।

উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোতে আওয়ামী লীগের উদ্যোগে ‘দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ’ হয়েছে।