মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি তিন দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল। গতকাল রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন কারা ম্যাকডোনাল্ডের সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার মার্কিন দূতাবাসও জানিয়েছে, সফরটি হচ্ছে না। তবে সফরটি কেন স্থগিত হয়েছে, সেই কারণ কোনো পক্ষই জানায়নি।

জানা গেছে, তিন দিনের সফরে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কারা ম্যাকডোনাল্ডের বৈঠক নির্ধারিত ছিল। ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। একইদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল।

দেশে সব শ্রমিকের জন্য যাতে একই আইন কার্যকর হয়, সে বিষয়ে জোর দিয়ে আসছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোয় আন্তর্জাতিক মান আনতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক চাপ রয়েছে বাংলাদেশের ওপর।

বাংলাদেশে শ্রম খাতের স্বাধীনতা ও মান নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে শ্রম আইনের ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছে দেশটি। বিশেষ করে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিদ্যমান শ্রম আইনের অনেক ধারা কার্যকর নয়।