সাহিত্যাঙ্গনে এরই মধ্যে জনপ্রিয় এক নাম মৌরি মরিয়ম। লেখেন মানুষের জন্য, প্রেমই মূল উপজীব্য। এখন পর্যন্ত তিনি লিখেছেন মোট ১৫টি বই। তবে এবারের বইমেলায় অন্যপ্রকাশ এনেছে তার নতুন বই অলিন্দে অনলে।
বইটি নিয়ে মৌরি মরিয়ম দেশ রূপান্তরকে জানান, এটি একটি অসম প্রেমের উপন্যাস। প্রেয়সীর জন্য তীব্র প্রেম নিয়ে কেওয়াটখালি ব্রিজে প্রেমিকের ছুটে চলার গল্প এটি। এটি ছাড়াও আমার প্রেমাতাল উপন্যাসটি পাওয়া যাচ্ছে তাম্রলিপিতে, যেখানে একই সঙ্গে পাঠক প্রেম ও ভ্রমণের স্বাদ পাবেন। গল্পের নায়ক একজন ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। একটা গ্রুপ ট্যুরে গিয়ে নায়িকার সঙ্গে তার পরিচয় হয়।যেখান থেকে তাদের দুজনে বাড়ি ফেরার পর জীবনের গল্প শুরু হয়।
বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বইটি লেখা শুরুর আগে একটা ছোট গল্প লিখে সোশ্যাল মিডিয়ার শেয়ার করি। পাঠকদের গল্পের বাকি অংশ জানার আগ্রহ থেকে এটিকে উপন্যাসে রূপ দেওয়া হয়েছে।
বইমেলা নিয়ে লেখকের প্রত্যাশা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কারোনার আগে যেমন বই বিক্রি হতো করোনার বছরগুলোতে তেমন বই বিক্রি হয়নি। তবে এবারের মেলার শুরু দিকে পাঠকদের আগ্রহের কমতি নেই। প্রতিদিন পাঠক আসছেন। তাদের আগ্রহের কমতি দেখছি না।
কেমন পাঠক চান প্রশ্নের জবাবে জনপ্রিয় এই লেখক বললেন, পাঠক হিসেবে অবশ্যই চিন্তাশীল মুক্তমনা পাঠক চাই। সবসময় চাই প্রিয় পাঠক হোক মুক্তচিন্তার অধিকারী, সংস্কারমুক্ত, আধুনিক চিন্তার মানুষ। তারা লেখার মান যাচাই করে বই কিনুক। উদ্দেশ্যহীন গল্প পড়ে তারা যেন না ঠকে সেটিই আমার প্রত্যাশা।