‘নিরপেক্ষ রাষ্ট্রকে রুশবিরোধী অবস্থানে বাধ্য করছে যুক্তরাষ্ট্র’

নিরপেক্ষ রাষ্ট্রগুলোকে রাশিয়াবিরোধী অবস্থান নিতে যুক্তরাষ্ট্র বাধ্য করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এ প্রসঙ্গে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রুশ জাহাজ ‘উরসা মেজরকে’ গত ডিসেম্বরে মোংলা বন্দরে ভিড়তে না দেওয়ার উদাহরণ টানেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ওয়াশিংটনকে এ ধরনের তৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে বলেও এক বিবৃতিতে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার ঢাকায় রাশিয়ার দূতাবাসের ফেইসবুক বাধ্য করছে যুক্তরাষ্ট্র’পেজে মারিয়া জাখারোভার ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য সরঞ্জাম নিয়ে বাংলাদেশে বন্দরে ভিড়তে চেয়েছিল ‘উরসা মেজর’। বাংলাদেশের কর্র্তৃপক্ষ জাহাজটি মোংলা বন্দরে ভেড়ার অনুমতিও দিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাহাজটি ভিড়তে না দেওয়ার চাপ দেওয়ায় পর সে অনুমতি প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। এতে করে এক মাসেরও বেশি সময় ধরে জাহাজটি থেকে পণ্য খালাসে বিলম্ব ঘটেছে।

রাশিয়া থেকে পণ্য নিয়ে আসা ‘উরসা মেজর’ মোংলা বন্দরে ভিড়তে না দিতে যুক্তরাষ্ট্রের এ তৎপরতা ‘সম্পূর্ণ আইনবহির্ভূত’ বলেও বিবৃতিতে দাবি করেন জাখারোভা।

বাংলাদেশে পণ্য খালাসে ব্যর্থ হওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতে পণ্য খালাসের চেষ্টা করে ‘উরসা মেজর’। পরে ভারতেও জাহাজটি পণ্য খালাসে ব্যর্থ হয়। এ প্রসঙ্গে গত জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রুশ জাহাজটি এখন চীনের পথে রয়েছে। এটি শেষ পর্যন্ত চীনের কোনো বন্দরে রূপপুরের সরঞ্জাম খালাস করতে পারে। চীন থেকে এসব সরঞ্জাম পরে বাংলাদেশে আনা হতে পারে বলেও জানান তারা।