বেলজিয়ামের রানী ঢাকায়, স্কুল ও গার্মেন্টস পরিদর্শন

তিনদিনের সফরে বেলজিয়ামের রানী মাটিল্ডা বাংলাদেশে এসেছেন। গতকাল সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সফরের প্রথম দিন গতকাল বেলজিয়ামের রানি মাটিল্ডা ইউনিসেফ পরিচালিত খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ‘সুরভী স্কুল’ এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস লিমিটেড কারখানা পরিদর্শন করেন। এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানী মাটিল্ডা। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে মূলত তার এ সফর। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন তিনি। খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে বেলজিয়ামের রানির।