মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ডের আপিল কমিটি। এ সিদ্ধান্ত জানিয়ে প্রযোজককে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) মো. জাহাঙ্গীর আলম। চার বছর ধরে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মিলছে না ‘শনিবার বিকেলের’। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটিতে সিনেমাটির শুনানি হয়। সেদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা।
মো. জাহাঙ্গীর আলম জানান, ‘আপিল কমিটি শনিবার বিকেল সিনেমাটি পুনঃপরীক্ষা করবে বলে সিদ্ধান্ত জানিয়েছে। এ ব্যাপারে সিনেমাটির প্রযোজককে চিঠি দিয়ে জানানো হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের আপিল কমিটি গঠন করা হয়েছে। ওই আপিল শুনানিতে ‘শনিবার বিকেল’র প্রতিনিধি হিসেবে যুক্তি উপস্থাপন করেন চলচ্চিত্রকার ও নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ।
তিনি বলেন, ‘আপিল শুনানিতে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা সিনেমাটির পক্ষে যুক্তি তুলে ধরেছি। বলেছি, এই সিনেমায় আপত্তি করার মতো কিছু নেই।’ ‘আপিল কমিটির সদস্যরাও ইতিবাচক মতামত দিয়েছেন। আমাদের ধারণা ছিল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাবে। কিন্তু এখন সেন্সর বোর্ড থেকে জানাচ্ছে, আবার রিভিউ হবে। তারা সিনেমাটি আবার দেখে সিদ্ধান্ত নিতে চায়।’
আপিল বোর্ডের সদস্য সাংবাদিক শ্যামল দত্ত বলেন, ‘আপিল বোর্ডের সদস্য হিসেবে আমরা সিনেমাটি দেখে বলেছি, এই সিনেমায় সেন্সর করার মতো কিছু পাইনি। আমাদের মতামত দিয়েছি, সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেতে পারে। এখন আবার রিভিউ করার সিদ্ধান্ত কিংবা কেন ছাড়পত্র দিচ্ছে না সে ব্যাপারে সেন্সর বোর্ড বলতে পারবে।’
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘শনিবার বিকেল’ সিনেমাটি বানিয়েছেন ফারুকী। জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকেরের সঙ্গে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি অভিনয় করেছেন সেখানে।