নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ইউপি সদস্যকে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওয়ার্ড সদস্য মো. মনিরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে মো. বিশাল বাদী হয়ে গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
মনিরুজ্জামান বলেন, ‘এলাকার কয়েকজন যুবকের সঙ্গে আমার ছেলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। সোমবার পরিষদে কাজ শেষে বের হওয়ার পর নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের ছেলে জানে আলমের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল অটোযোগে আমাকে তুলে নিয়ে আসে। তারা দা, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
অভিযুক্ত জানে আলম বলেন, ‘আমাদের এলাকার লোকজনকে বিনা দোষে মেম্বারের দুই ছেলে মারধর করে। এর মীমাংসার জন্য নিয়ে আসার পর বিক্ষুব্ধ লোকজন তাকে পিটিয়ে আহত করে।’