বাংলাদেশ বিজনেস সামিটে সবুজ শিল্প, আইসিটি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বৃহস্পতিবার চীনা দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে এফবিসিসিআই‘র প্রতিনিধি দল সৌজন্য সক্ষাৎ করতে গেলে এমন পরামর্শ দেন।
চীন থেকে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি দল সামিটে অংশ নেবে বলেন ও আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। এ সময় তিনি দুদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে বিটুবি এবং নেটওয়ার্কিং সেশনের ব্যবস্থা রাখার সুপারিশ করেন।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে জাতীয় ও বৈশ্বিক ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে অংশগ্রহণের মাধ্যমে দেশের সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্রগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত আহরণ এবং বিশ্লেষণের সুযোগ পাবেন উদ্যোক্তারা।