বিদেশি ঋণের শীর্ষে বিদ্যুৎ-যোগাযোগ

স্বাধীনতার পর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৫১ বছরে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ৯ হাজার ৪৬৯ কোটি ডলার বা ৯৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে সরকার। এর মধ্যে পাইপলাইনে পড়ে আছে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি। এ অর্থ নিয়মিত ছাড় করতে পারলে বাংলাদেশকে নতুন ঋণের জন্য হাঁসফাঁস করতে হতো না।

সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে বিদ্যুৎ খাতের জন্য; মোট ঋণের ১৯ দশমিক ৪৬ শতাংশ। বিদ্যুতের পর রয়েছে যোগাযোগ খাত, ১৭ দশমিক ১ শতাংশ। সবচেয়ে কম ঋণ নেওয়া হয়েছে ধর্মীয় সংস্কৃতি, ঘূর্ণিঝড় মোকাবিলা ও জননিরাপত্তা খাতে।

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত ‘ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ ২০২১-২২’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাধীনতার পর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৯৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে সরকার। বিদ্যুৎ খাতের জন্যই নেওয়া হয়েছে ১ হাজার ৮৪৩ কোটি ডলার বা ১৮ বিলিয়ন ডলারের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ নেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতের জন্য। ঋণের পরিমাণ ১ হাজার ৬২১ কোটি ডলার বা ১৬ বিলিয়ন ডলারের বেশি। তৃতীয় সর্বোচ্চ ঋণ নেওয়া হয়েছে সরকারি সাধারণ সেবা খাতের জন্য। ঋণের পরিমাণ ১ হাজার ২৯২ কোটি ডলার বা প্রায় ১৩ বিলিয়ন ডলার, অর্থাৎ মোট বিদেশি ঋণের ১৩ দশমিক ৬৪ শতাংশ।

শিক্ষা খাতের উন্নয়ন প্রকল্পের জন্য সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়েছে ৭৬৬ কোটি ডলার, স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ৬৫৮ কোটি ডলার। এ ছাড়া হাউজিং খাতের জন্য সরকার অর্থছাড় করতে পেরেছে ৬৪৭ কোটি ডলার।

শুধু তাই নয়, বাংলাদেশের এ সংকটকালে বৈদেশিক ঋণ পাইপলাইনে আছে ৫০ বিলিয়ন ডলারের বেশি। ২০২১-২২ অর্থবছরে পাইপলাইনে থাকা ঋণের মাত্র ২২ শতাংশ অর্থছাড় করতে পেরেছিল বাংলাদেশ। এ ঋণের অর্থছাড় নিয়মিত করতে পারলে নতুন করে ঋণের জন্য হাত পাততে হতো না বাংলাদেশকে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, স্বাধীনতার পর থেকে গত অর্থবছর পর্যন্ত ১৫৩ বিলিয়ন ডলারের বেশি ঋণের প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে বাংলাদেশ ৯৪ বিলিয়ন ডলার ছাড় করাতে পেরেছে।

প্রকল্পে সীমাহীন দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও প্রকল্প পরিচালকদের অদক্ষতায় বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নিয়মিত অর্থছাড় করাতে পারে না বাংলাদেশ।

ইআরডির তথ্য-বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের মধ্যে শীর্ষে রয়েছে বিশ্বব্যাংকের আইডিএ প্রোগ্রাম। স্বাধীনতার পর থেকে গত অর্থবছরের শেষ পর্যন্ত আইডিএ থেকে ২ হাজার ৪৪৩ কোটি ৬২ লাখ বা প্রায় ২৪ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গত অর্থবছরের শেষ নাগাদ এডিবি থেকে ১ হাজার ৯৯৮ কোটি ডলার বা প্রায় ২০ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে আছে জাপান, এর থেকে ঋণ এসেছে ১ হাজার ৪৪৬ কোটি ডলার বা প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে আছে চীন, এর থেকে সরকার ৬৯৫ কোটি বা প্রায় ৭ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে।

৫০ বছরে শীর্ষ ২০ উন্নয়ন সহযোগীর মধ্যে রাশিয়ার কাছ থেকে ৫৭৮ কোটি ডলার, জাতিসংঘ থেকে ২২৯ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১২৯ কোটি ডলার, যুক্তরাজ্য থেকে ২২২ কোটি ডলার, কানাডা থেকে ৮৮ কোটি ডলার, জার্মানি থেকে ১৫৮ কোটি ডলার, ইউরোপীয় ইউনিয়ন থেকে ১২২ কোটি ডলার, ভারত থেকে ১৫৪ কোটি ডলার এবং ইউনিসেফ থেকে ১৫১ কোটি ডলার ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ।