ধ্বংসস্তূপে প্রাণস্পন্দন, মৃত্যুর ছায়া

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। তুরস্কের ১০টি অঞ্চলে মারা গেছে ১৯ হাজার ৮৭৫ জন। আর সিরিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ৩ হাজার ৩৭৭ জনের। ভূমিকম্পের পঞ্চম দিনেও উদ্ধারকাজের অনেক বাকি। এখনো ধসে পড়া অনেক ভবনে শুরু হয়নি উদ্ধার তৎপরতা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সশ্লিষ্টদের আশঙ্কা, সময় যত যাবে, মৃত্যুর সংখ্যা ততই বাড়বে। শেষ অবধি এ সংখ্যা কোথায় থামবে তার কোনো ধারণাও তাদের নেই। এ মধ্যে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যায় উদ্ধার ব্যাহত হওয়ায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে আসছে। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা রয়েছে প্রাণ সংশয়ে। তবে ১১০ ঘণ্টা পরও গতকাল শুক্রবার দুই দেশেই কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো কোথাও কোথাও প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ঠান্ডায় জমে যাওয়া আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে কিংবা গাড়ির ভেতরে তৃতীয় রাত পার করেছে তুরস্ক এবং সিরিয়ার বহু মানুষ। ভূমিকম্পে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে কিংবা হেলে পড়েছে। সেখানে আর ফিরে যাওয়ার সাহস নেই কারও।

গৃহহীন হওয়া লাখো মানুষ সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছে। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে। পাঁচ দিন ধরে উদ্ধারকর্মীরা যেমন দুর্গতদের বাঁচানোর লড়াই করে যাচ্ছেন, তেমনি বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে বেঁচে যাওয়াদেরও। 

আলজাজিরা বলছে, তুরস্কের প্রায় দেড় কোটি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্তৃৃপক্ষ ধ্বংসস্তূপ থেকে আট হাজার জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে। এ ছাড়া প্রায় চার লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে সরিয়ে সরকারি আশ্রয়কেন্দ্র, হোটেলসহ পরিচিতজনদের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি তুর্কিয়ে সরকারের। তবে রয়টার্স, বিবিসিসহ পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুর্গত এলাকার মানুষ চার দিন পরেও উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। রয়টার্স বলছে, ভূমিকম্পের পর জরুরি পরিষেবাগুলো সাড়া দিতে অনেক দেরি করেছে, এমন অভিযোগকে ঘিরে তুরস্কে অসন্তোষ বাড়ছে। কিছু এলাকায় লোকজন দুদিন অপেক্ষা করার পরও জরুরি পরিষেবার দেখা পায়নি।

গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। দশ দিন বয়সী এই শিশুর নাম ইয়াগিজ। দক্ষিণাঞ্চলীয় হতাই প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাতে নবজাতকটিকে সাবধানে বের করে নিয়ে আসা হচ্ছে। কম্বলে মুড়িয়ে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। স্থানীয় তুর্কিয়ে সংবাদমাধ্যম এ ঘটনাকে অলৌকিক হিসেবে তুলে ধরেছে।

ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আলজাজিরা এ তথ্য জানিয়েছে। গতকাল ইস্কেন্দেরুনের ধসে পড়া একটি ভবনের নিচে ৬ জনকে একসঙ্গে জীবিত পাওয়া যায়। তাদের সন্ধান পেয়ে অন্য উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে আসেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি তুর্কিয়ে কর্র্তৃপক্ষ।

আর তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে আগে থেকেই অবকাঠামো ধ্বংস হয়েছিল। এর মধ্যে ভয়াবহ এ ভূমিকম্পে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের কিছু অংশ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আর অন্য অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজে সমন্বয়েও সমস্যা হচ্ছে। তবে চতুর্থ দিন ত্রাণের প্রথম বহর সিরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা জানান, তুরস্ক থেকে ত্রাণ নিয়ে ছয়টি লরি ইদলিবের বাব আল-হাওয়া সীমান্ত অতিক্রম করেছে।

সিরিয়ায়ও বিভিন্ন এলাকা থেকে একের পর এক লাশ যেমন উদ্ধার করা হচ্ছে, তেমনি জীবিতদেরও। তবে সিএনএনের খবরে বলা হয়েছে, তুরস্কে উৎফুল্ল হওয়ার মতো উদ্ধারের কিছু ঘটনা ঘটলেও সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি ক্রমেই আশাহীন হয়ে উঠছে।

ধসে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারীদের সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে, কিন্তু ভূমিকম্পের পর থেকে প্রায় ১০০ ঘণ্টা পার হওয়ায় জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই মিইয়ে যাচ্ছে।

গত সোমবারের ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার ৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের সরকারি হিসাবে, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটির বেশি মানুষ।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় জরুরি ত্রাণের জন্য প্রাথমিকভাবে প্রায় ৮৯০ কোটি টাকার (সাড়ে ৮ কোটি ডলার) প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা আসে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) পক্ষ থেকে বলা হয়, লাখো মানুষকে জরুরি প্রয়োজনীয় সহায়তা দিতে এ তহবিল মাঠপর্যায়ের অংশীদারদের কাছে যাবে। এর মধ্যে রয়েছে খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবাদাতা খাতের বিভিন্ন অংশীদার। এ ছাড়া খাদ্য, আশ্রয় এবং জরুরি স্বাস্থ্য পরিষেবায় এ তহবিল ব্যয় হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ তুরস্ক ও সিরিয়ায় দ্রুত সহায়তা পাঠায়। বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পের পরপরই সহায়তার হাত বাড়ায় ইউরোপীয় ইউনিয়ন। ১৯টি দেশ থেকে ২৭টি উদ্ধার ও অনুসন্ধান দল গঠন করে পাঠানো হয়। এ দলে ১ হাজার ১৫০ জন সদস্য ও ৭০টি কুকুর পাঠানো হয়েছে। এ ছাড়া মানবিক সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে।

গত মঙ্গলবার তুরস্কে পৌঁছে যায় চীনের উদ্ধারকারী দল। এ ছাড়া চীনের পক্ষ থেকে জরুরি সহায়তা হিসেবে ৬২ কোটি টাকা (৫৯ মিলিয়ন ডলার) পাঠানো হয়। দেশটির পাঠানো উদ্ধারকারী দলে চিকিৎসকও রয়েছেন। দেশটির পক্ষ থেকে সিরিয়ায়ও সহায়তা পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তার দেশ থেকে ৭৭ জন অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞ নানা যন্ত্রপাতি নিয়ে তুরস্কের গাজিয়ানতেপে কাজ করছেন। তুরস্ক ও সিরিয়ায় জরুরি উদ্ধারকাজে সাড়া দেওয়া আরেকটি দেশ হচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দুই দেশেই উদ্ধারকারী দল পাঠিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় ৩০০ সেনা উদ্ধারকাজে সহায়তা করছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের দল মাঠপর্যায়ে কাজ করছে। সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখছে। জাতিসংঘের পক্ষ থেকে আড়াই কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশ, ভারত, ইউক্রেন, জার্মানি, গ্রিস, ইসরায়েল, ইরান, জাপান, নরওয়ে, স্পেনের মতো দেশও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্ককে সহায়তার হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও। তুরস্কে ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি পাঠাচ্ছে কাতার। এ ছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠাচ্ছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এটা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় কাতারের প্রচেষ্টার অংশ।

সিরিয়ার সেই শিশুকে দত্তক চান অনেকেই : ভূমিকম্পে ধসে পড়া সিরিয়ার একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে জন্ম নেওয়া এক শিশুকন্যাকে দত্তক নিতে চাইছে হাজার হাজার মানুষ। বিবিসি জানিয়েছে, ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা শিশুটির নাম রাখা হয়েছে আয়া (আরবিতে যার অর্থ অলৌকিক)। উদ্ধারের সময়ও তার নাড়ি মায়ের সঙ্গে জোড়া লাগানো অবস্থাতেই ছিল। আয়াকে জীবিত পাওয়া গেলেও ভূমিকম্প তার মা, বাবা এবং চার ভাইবোনের প্রাণ কেড়ে নিয়েছে।

আয়াকে উদ্ধারের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটেজে দেখা যায়, একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তি ধুলায় আচ্ছাদিত এক শিশুকে কোলে নিয়ে ছুটছেন। জঞ্জাল থেকে আয়াকে উদ্ধার করার সময় তার দূরসম্পর্কীয় এক আত্মীয়, খলিল আল-সুওয়াদি সেখানে উপস্থিত ছিলেন। তিনিই সদ্যোজাত শিশুটিকে সিরীয় শহর আফরিনে ডা. মারুফের কাছে নিয়ে যান।

বিবিসি বলছে, সদ্যোজাত শিশুটি হাসপাতালে আছে। তার অবস্থা এখন স্থিতিশীল। শিশুরোগ বিশেষজ্ঞ হানি মারুফ বলেন, সোমবার সে খুবই খারাপ অবস্থায় (পৃথিবীতে) এসেছিল, তার গায়ে কাটাছেঁড়া ছিল; শরীর ঠাণ্ডা ছিল, শ্বাস ঠিকভাবে নিতে পারছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ এখন শিশুটিকে দত্তক নিতে চাইছে। হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আতিয়াহ জানান, এরই মধ্যে তিনি বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েক ডজন ফোন পেয়েছেন, যারা শিশুটিকে দত্তক নিতে আগ্রহী। কুয়েতের এক টিভি উপস্থাপক বলেছেন, ‘আমি শিশুটির দেখাশোনা করতে ও তাকে দত্তক নিতে প্রস্তুত, যদি আইনি প্রক্রিয়া আমাকে সেই সুযোগ দেয়।’

তবে ওই হাসপাতালের চিকিৎসক আতিয়াহ বলেছেন, ‘যতক্ষণ তার পরিবারের দূরসম্পর্কীয় সদস্যরা না ফিরছেন, ততক্ষণ পর্যন্ত আমি কাউকেই মেয়েটিকে দত্তক নেওয়ার অনুমতি দিতে পারি না। আমি তাকে আমার সন্তানের মতোই দেখছি।’ তিনি জানান, তার চার মাসের এক সন্তান আছে। তাদের মেয়ের পাশাপাশি আয়াকে বুকের দুধ খাওয়াচ্ছেন তার স্ত্রী।

আয়ার শহর জিনদারিসের লোকজন এখনো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে প্রিয়জনদের সন্ধান করে যাচ্ছেন। সেখানকার সাংবাদিক মোহাম্মেদ আল-আদনান বিবিসিকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আছে। এমন অনেকেই আছেন, যাদের কাছে আমরা এখনো পৌঁছাতেই পারিনি।’ জিনদারিসের ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে অনুমান তার।