ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাততলা একটি বাড়ির ছাদ থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির শরীফ চৌধুরীর বাড়ির ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সালমান আদিব অর্ণব স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা পুলিশের বিশেষ শাখায়  (এসবি) কনস্টেবল পদে কর্মরত।

সালমানের বাবা রুহুল আমিন জানান,   গতকাল বিকেলে তার ছেলে ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে ছাদ থেকে সে নিচে পড়ে যায়। সালমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পরিবার নিয়ে তিনি খিলক্ষেতের বোটঘাটের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলির একটি ভবনের সপ্তম তলায় ভাড়া বাসায় থাকেন।

খিলক্ষেত থানার ওসি সাহান হক বলেন,  এ ব্যাপারে গতকাল রাত পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি।