নাটোরের সিংড়ায় শান্তি সমাবেশে অসুস্থ হয়ে রশিদুল ইসলাম মৃধা (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার সোনাপুরে দলীয় কর্মসূচি পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রশিদুল মৃধা চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহিদুল ইসলাম মানিক বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত কর্মসূচি শান্তি সমাবেশ পালনকালে সোনাপুর এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।