আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত কয়েকদিনের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষ ও সহিংসতার প্রেক্ষাপটে গতকাল রবিবার ঢাকার ইইউ কার্যালয়ে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।
সরকার পতনের আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে গত শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি করে বিএনপি। এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে। বিএনপির এ কর্মসূচির দিনে আওয়ামী লীগও ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি ডাকে। দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে। কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।
বিএনপিসহ তাদের সমমনা দলগুলোর অভিযোগ, তাদের কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে। তবে আওয়ামী লীগ বলছে, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও উজ্জীবিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কোনো পাল্টা কর্মসূচি নয়।