বিএনপির পদযাত্রায় সংঘর্ষ

দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ১৬৯

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা দাবিতে গত শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বিএনপির দেড় হাজারের বেশি নেতাকর্মীর নামে মামলা করেছে। জামালপুর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের আড়াই হাজার, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পঞ্চগড় থেকে পুলিশ ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

জামালপুর : জেলার সাত উপজেলার ৬৮টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫টি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এর মধ্যে সদর থানায় দায়ের হওয়া দুটি মামলায় ১২, মাদারগঞ্জ থানায় এক মামলায় ৪, দেওয়ানগঞ্জ থানায় এক মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে জেলার বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

রবিবার আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা ইয়াকুবকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ২০ নেতাকর্মী আহত হন।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় নাশকতা মামলায় জেলা ছাত্রদলের আইনবিষয়ক উপসম্পাদকসহ সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামের কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের নিজ বাড়ি থেকে ছাত্রদলের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি কুষ্টিয়া মডেল থানা পুলিশের।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘অপরাধী যে-ই হোক তার কোনো দলীয় বা সাংগঠনিক পরিচয় আইনের কাছে মুখ্য নয়। নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই এই মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ৯৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে গতকাল সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, গত শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় রাতে পৃথক দুই মামলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ এবং অপর মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর : সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার রাতে কমলনগর থানায় ৩৯০ জন নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা হয়। পুলিশ এ ঘটনায় যুবদলকর্মী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে। কমলনগর থানা বিষয়টি নিশ্চিত করেছে।

কমলনগর থানার ওসি মো. সোলায়মান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও দলীয় কর্মসূচি শান্তি সমাবেশে হামলার ঘটনায় বিএনপির ও যুবদলের নেতাকর্মীসহ ৩৯০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পঞ্চগড় : শনিবারের সংঘর্ষের ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবি এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলাহাজতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।