সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

সাভারে বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এইচ.আর টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে এইচ.আর টেক্সটাইল লিমিটেড কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক জানুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গাফিলতি করায় সব শ্রমিক মিলে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছি।

এইচ.আর টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের এমন করতে কোনো ইস্যু প্রয়োজন হয় না। আমরা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। সেই সঙ্গে তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, কয়েক মাস ধরেই কারখানাটিতে বেতন-ভাতা নিয়ে ঝামেলা হচ্ছে। কারখানাটিতে কয়েক মাস ধরে কাজ কম থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে বেশিরভাগ কারখানায় কাজ কম থাকায় বেতন-ভাতা পরিশোধ করতে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনে দাবিতে কর্মবিরতি পালন করেছে। পরবর্তী সময়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিয়ে কারখানাটি আজকের (গতকাল) মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়।