সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলস তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব।
আটক হয়েছেন: মো. মোখলেছুর রহমান (২৮), মো. রিপন (২৭) ও মো. আসাদুজ্জামান (২১)। তাদের প্রত্যেকের বাড়ী রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান ৩ মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।