যৌন নিপীড়নের শিকার ছাত্রীর আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ায় যৌন নিপীড়নের শিকার হয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের বাসিন্দা এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

পুলিশ রোববার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বন্যা বান্ধবীর জন্মদিন উপলক্ষে উপহার কিনে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার নারান্দী বাজার থেকে বাড়ি ফেরার পথে জহিরুল ইসলাম ও তার বন্ধুরা তার গতিরোধ করে। এ সময় জহিরুল তাকে কু প্রস্তাব দেয় এবং গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাড়ি ফিরে সে তার মাকে বিষয়টি জানালে তার মা এ নিয়ে তাকে বকাঝকা করেন।

এক পর্যায়ে বাড়ি নির্জন হলে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। বাড়ির লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার লাশ নিয়ে বাড়ি এসে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় বন্যার মা ফেরদৌসী বেগম বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেছেন। জহিরুল ইসলাম সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের বাসিন্দা।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, জহিরুল একজন বখাটে এবং মাদকাসক্ত। সে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।