ছোট পর্দায় ভালোবাসা দিবস

প্রতিবারের মতো এ বছরও ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে সেজে উঠবে টিভি চ্যানেলগুলো। উল্লেখযোগ্য কিছু আয়োজনের খবর নিয়ে আয়োজন

বন্যার গানে বসন্ত ভালোবাসা

প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে গানে ঋতুরাজ বসন্তকে বরণ করবে চ্যানেল আই। আজ সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করবে চ্যানেলটি। বন্যা ও সুরের ধারার শিল্পীরা বসন্তের এই উৎসবে তাদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বসন্তকে স্বাগত জানাবেন।

অতিথি শামীম ওসমান ও তার সহধর্মিণী

এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সারাবেলা’। অনুষ্ঠানে অতিথি থাকবেন এদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান, এমপি এবং তার সহধর্মিণী সালমা ওসমান লিপি। এই দম্পতি তাদের ব্যক্তিজীবনে ভালোবাসার জন্য সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন তাদের ভালোবাসার জীবন। সেই সঙ্গে থাকবে অতিথি যুগলের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও গান। নীল হুরে জাহানের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা২০ মিনিটে।

এই সময়ের কাছে আসার গল্প

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চারপাশের সবকিছু। প্রজন্ম বদলেছে, বদলেছে চিন্তাধারা। আর একইভাবে এই বদলে যাওয়ার হাওয়ায় বদলেছে এ সময়ের কাছে আসা। এই নতুন দিনের কাছে আসার দারুণ কিছু গল্প নিয়ে আসছে ‘ক্লোজ-আপ এই সময়ের কাছে আসার গল্প’, প্রতিবারের মতো ভ্যালেন্টাইনস ডেতে। প্রথমবারের মতো ব্যতিক্রম হচ্ছে এ বছর; দর্শকদের পাঠানো গল্পের পরিবর্তে দেশের তরুণ তিন গল্পকার লিখেছেন এবারের চিত্রনাট্য। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ফিল্মে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও এ সময়ের জনপ্রিয় মুখ তামিম মৃধা। পরিচালক রাকা নোশিন নাওয়ারের ফিল্মে অভিনয় করেছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ। তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালিত ফিল্মে। নাটক তিনটি একযোগে বেশকিছু বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

‘তোকে পাওয়ার জন্য’

এনটিভিতে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তোকে পাওয়ার জন্য’। ইউসুফ আলী খোকনের রচনা ও বি ইউ শুভ’র পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপুর্ব, জাকিয়া বারী মম, সাবেরি আলম, পামির, জয়া, সাইফ প্রমুখ।

ফারিয়া ও সীমান্তর ‘ইয়েস স্যার’

ভালোবাসা দিবসে বৈশাখী টিভির পর্দায় এই প্রথম জুটি হয়ে আসছেন ফারিয়া শাহরিন ও রাশেদ সীমান্ত। তাদের অভিনীত বিশেষ নাটক ‘ইয়েস স্যার’ প্রচার হবে রাত ১০টা ২১ মিনিটে। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটিটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।