চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদ-ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর বিরুদ্ধে একটি বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে আদালতে মামলার আবেদন করেছে স্থানীয় খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কমিটির সভাপতি এসএম শওকত ওসমান এ মামলার আবেদন করলেও বিষয়টি এখন জানাজানি হয়। আদালত মামলার আবেদন আমলে নিয়ে অভিযোগের তদন্ত করে আগামী ২৭ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার নির্মাণের জন্য গত ২৮ জানুয়ারি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর কাছে একটি আবেদন করেন পরিচালনা কমিটির সভাপতি। কিন্তু সহযোগিতা না করে রহস্যজনক আচরণ করতে থাকেন চেয়ারম্যান বাচ্চু। ১৩ জানুয়ারি পুনরায় তার দপ্তরে গেলে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন চেয়ারম্যান বাচ্চু।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান হাসান জামান বাচ্চু বলেন, স্কুল পরিচালনা পর্ষদ যে জায়গায় শহীদ মিনার করতে চাচ্ছে সেটি চিকনদ-ী ইউনিয়ন পরিষদের নামে খতিয়ান সৃজিত। তবে স্থানীয় কিছু লোক জায়গাটির মালিকানা দাবি করছেন। তারা ‘ভুল জরিপ’ সংশোধনের জন্য আদালতে মামলাও করেছেন। আমি স্কুল পরিচালনা পর্ষদকে বলেছি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে শহীদ মিনার করা যাবে না। এ কথা বলায় পর্ষদের সভাপতি আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগে মামলার আবেদন করেছেন।