আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ‘ভালোবাসা দিবস’। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। বাংলাদেশে ৩১ বছর আগে এই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসের সূচনা হয়। ফাল্গুনের প্রথম দিনে বসন্তের দোলা লেগেছে নানা বয়সী মানুষের হৃদয়েও।
পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা। ভালোবাসা নিয়ে পৃথিবীতে যত গান, গল্প, কবিতা, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো বিষয় নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে আবার কেউ কেউ জীবনও দিয়েছে। ভালোবাসার প্রত্যয়কে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’।
এদিকে পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বসন্ত উৎসব ২০২৩’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল ৪টায় একাডেমির নন্দনমঞ্চে বিভিন্ন কর্মসূচি নিয়ে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংগীত, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বসন্তের পোশাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন করা হয়েছে।
একাডেমি সূত্র জানায়, নব ফাল্গুনের এই বর্ণিল উৎসবে বিশেষ আয়োজন হিসেবে সব নারী দর্শকের মাথায় ফুলের রিং ও পুরুষদের হাতে ফুলের মালা রাখার আহ্বান জানানো হচ্ছে। উপস্থিত দর্শদের মধ্যে সাজসজ্জায় শ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কৃত করা হবে। বসন্ত উৎসবটি বাঙালির সব বয়সীর হলেও এতে তারুণ্যের প্রভাবই থাকে বেশি। আর পহেলা ফাল্গুনের ভিন্ন আমেজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বের তাবৎ মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগাতেই এ দিবসটির অবতারণা। অতীতে এ দিবসটি মূলত পাশ্চাত্যের দেশগুলোতে পালিত হলেও নব্বইয়ের দশক থেকে বেশ জোরেশোরে বাংলাদেশে পালিত হয় ভালোবাসার দিন।