আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎকারী পিকে হালদারের প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী কোম্পানি রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেসের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসন্স নবায়ন না হওয়ায় ব্রোকারেজ হাউজটির লেনদেন বন্ধ রেখেছে ডিএসই। ফলে গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এ ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা কোনো শেয়ার লেনদেন করতে পারেননি।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
লেনদেন বন্ধ প্রসঙ্গে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার দেশ রূপান্তরকে বলেন, রিলায়েন্স ব্রোকারেজের সনদ নবায়ন না হওয়ায় এসইসির নির্দেশে লেনদেন স্থগিত রাখা হয়েছে।
আর এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম জানিয়েছেন, ব্রোকারেজ হাউজটির সনদ নবায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে।
জানা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর রিলায়েন্স ব্রোকারেজের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। গত পাঁচ মাসেও ব্রোকারেজ হাউজটি তাদের স্টক ব্রোকার সনদ নবায়ন করতে পারেনি। পিকে হালদারের কেলেঙ্কারির পর সম্প্রতি রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স করা হয়। এখন ব্রোকারেজ হাউজের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায় রিলায়েন্স ব্রোকারেজ। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সিআইবি রিপোর্ট আপডেট না থাকায় সনদ নবায়ন হয়নি।