মন্দিরে অসুস্থ সামান্থা

বিরল রোগ মায়োসাইটিস থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকে লম্বা সময় ধরে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। কারণ এই রোগটিতে পেশিতে প্রদাহ বাড়ে। সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে। গতকাল ‘ফ্যামিলি ম্যান’ অভিনেত্রী দক্ষিণ ভারতের পালানি মুরুগান মন্দিরে গিয়েছিলেন। এই মন্দিরে পৌঁছতে ৬০০ সিঁড়ি চড়তে হয়। সামান্থা সময় নিয়ে সিঁড়ি ভেঙে মন্দিরে উঠেছেন। নিজ হাতে কর্পূর প্রজ্বালন করেন। সিঁড়ি ভাঙার সময় তার মুখে ছিল মাস্ক। পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। সঙ্গে ছিলেন তার অভিনীত ‘জানু’ ছবির পরিচালক বন্ধু সি প্রেম কুমার। এই পরিচালক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘শারীরিক সুস্থতার জন্য মন্দিরে গিয়েছিলেন এই সামান্থা। অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে যাবেন অভিনেত্রী। কিছুটা আরোগ্যলাভ করলেই সামান্থা মন্দিরে আসার ইচ্ছা পোষণ করেন। মনের জোরেই এত সিঁড়ি বেয়ে মন্দিরে উঠেছেন সামান্থা।’ অসুস্থতাকে হার মানিয়েই গত মাসে রাজ এবং ডিকের ‘সিটাডেল’ সিরিজের শ্যুটিং শুরু করেছেন সামান্থা। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে তার নতুন ছবি ‘শকুন্তলম’। গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবির মুক্তির তারিখ নির্ধারণ হয়েছিল চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি। সামান্থার অসুস্থতার জন্যই পেছানো হয়েছে মুক্তি। সামান্থা আশা করছেন, এবার জোরেশোরে ছবিটির প্রচারণা করতে পারবেন।