‘ভারী মেশিনারিজ উৎপাদনের উদ্যোগ ব্যবসায়ীদের’

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, টেক্সটাইল শিল্পের ভারী মেশিনারিজগুলো দেশেই উৎপাদনের উদ্যোগ নিচ্ছেন দেশীয় ব্যবসায়ীরা। বিদেশি কোম্পানিগুলোকে এখানে বিনিয়োগের আহ্বান জানাই। এ খাতে আমাদের প্রচুর বিনিয়োগ প্রয়োজন। গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হওয়া চার দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এটা এ অঞ্চলের সবচেয়ে বড় টেক্সটাইল এক্সিবিশন। এ খাতে বাংলাদেশের অবদান অনেক। আমাদের টেক্সটাইল শিল্প এগিয়ে যাচ্ছে। টেক্সটাইল ছাড়াও আমাদের অন্য খাতেও নজর দিতে হবে।

তিনি বলেন, বিশ্বপরিস্থিতির কারণে বিদ্যুৎ সংকট আমাদের চাপে রেখেছে। এ সংকট কেটে যাচ্ছে, কারণ আমরা স্পট মার্কেট থেকে ৬৫ ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, টেক্সটাইলসহ অন্য খাতে প্রযুক্তির উন্নয়ন দরকার। পাশাপাশি প্রযুক্তি কাজে লাগিয়ে টেক্সটাইলের উন্নয়ন জরুরি। আমরা আগামী মাসে বিজনেস সামিটে সারা বিশে^র সামনে দেশের পণ্যগুলো তুলে ধরব।