সিলেটে ক্রিকেটারদের ধর্মঘটের ভেতরই আজ মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটো মাঠে চলবে লিগের খেলা। গ্রুপ লিগ এবং অবনমন না থাকায় ধর্মঘটে লিগ বয়কট করেছেন সিলেট জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাই পেশাদার ক্রিকেটারদের ছাড়াই সময় অনুযায়ী লিগ চলবে বলেই জানিয়েছেন সিলেটের একজন ক্লাব কর্মকর্তা।
বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে প্রথমবারের মতো সিলেটের কোনো দল। কিন্তু এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশের চেয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়েই যেন শঙ্কায় সিলেটের স্থানীয় ক্রিকেটাররা। এক সময়ে জাতীয় দলে খেলা অলক কাপালি, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নাসুম আহমেদ ও খালেদ আহমেদ এবং সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট দলের নিয়মিত মুখ ইমতিয়াজ চৌধুরী তান্না কাল সিলেট জেলা স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। প্রবেশ ফটকে ছিল তালা যা খোলা হয়নি। সিলেটের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ সাদিকুর রহমান তাজিন দেশ রূপান্তরকে জানান, ‘আমরা সকালে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। দুপুরে মানববন্ধন করেছি। ক্লাবের কর্মকর্তাদের আমাদের সামনেই সাংবাদিকরা ফোন দিয়েছেন। তারা কেউ তোয়াক্কা করেননি।’
বর্তমানে সিলেট থেকে নাসুম, খালেদ, এবাদত হোসেন, জাকির হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন জাতীয় দলে। এমন অবস্থায় সিলেটে পেশাদার ক্রিকেটারদের বাদ দিয়ে লিগ আয়োজন সিলেটের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবে মনে করছেন তাজিন, ‘আমরা যারা পেশাদার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলি, তাদের বাদ দিয়ে ক্লাব যদি যাকে তাকে ধরে এনে খেলিয়ে দেয় তাহলে লিগের মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? সিলেট থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। এমনটা হলে ভবিষ্যতে আর ক্রিকেটার উঠে আসবে না সিলেট থেকে’ দেশ রূপান্তরকে জানান সিলেটের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।