কানাডায় সড়ক দুর্ঘটনায়

তিন বাংলাদেশি নিহত, আহত কুমার বিশ্বজিতের ছেলে

কানাডার টরন্টোতে মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে কুমার নিবিড় গুরুতর আহত হয়েছেন। টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

অন্টারিও প্রাদেশিক পুলিশের (ওপিপি) বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে সোমবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ভেতর থেকে আরোহীদের বের করে হাসপাতালে পাঠান।

অন্টারিও প্রাদেশিক পুলিশ এক টুইটে জানিয়েছে, ওই গাড়িতে থাকা চারজনই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় তারা টরন্টোতে থাকছিলেন। নিহতদের মধ্যে একজন তরুণী এবং একজন তরুণ, দুজনেরই বয়স ২০ বছর। আর অন্যজনের বয়স ১৭ বছর। আর আহত ২১ বছর বয়সী একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ হতাহতদের নাম প্রকাশ না করলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে সিবিসি নিউজ। তবে কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কুমার নিবিড় বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি চলছিল প্রচণ্ড গতিতে। কুমার নিবিড় বাংলাদেশি কণ্ঠশিল্পী কুমার বিশ^জিতের ছেলে।

এদিকে বিষয়টি জানার পরপরই কুমার বিশ^জিৎ ও তার স্ত্রী কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।