ভ্রমণকাহিনী পড়তেই বেশি ভালো লাগে

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেসের শেষ বর্ষের শিক্ষার্থী সাহিদা সুলতানা বিনু। পড়ছেন বস্ত্র পরিচ্ছেদ ও বয়নশিল্প বিষয়ে। বইমেলায় এসেছেন বন্ধুদের সঙ্গে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে বইমেলা প্রাঙ্গণে দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় বিনুর। তিনি বলেন, ‘পাঠ্যবই পড়ার পাশাপাশি ভ্রমণকাহিনী পড়তেই বেশি ভালো লাগে।’

মেলায় কার সঙ্গে এসেছেন জানতে চাইলে বিনু বলেন, ‘মেলায় আসা হয় পরিবারের সঙ্গে। তবে এবারের বইমেলায় বন্ধুদের সঙ্গে এসেছি।’

মেলায় এসে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘মেলার পরিবেশ ভালো লাগছে। কিন্তু প্রবেশপথে দীর্ঘ লাইন ও ধুলোর জন্য কিছুটা সমস্যা হয়েছে।’ কেমন লেখা পড়তে চান জানতে চাইলে বিনু বলেন, ‘সব সময় নির্বাচিত লেখা বেশি পড়া হয়। এবারের মেলায় অনেক তরুণ লেখকের বই বেরিয়েছে। তবে সব লেখকের লেখা পড়া যায় না। যে লেখক তার লেখায় চরিত্র ও গল্প ফুটিয়ে তুলতে পেরেছেন, এমন লেখকের লেখা পড়তে চাই। অর্থাৎ একটি সার্থক উপন্যাস পড়তে চাই।’

বইয়ের দাম নিয়ে কিছুটা অখুশি এই পাঠক বলেন, ‘বইয়ের দাম অন্যবারের চেয়ে অনেক বেশি। অনেক স্টল ঘুরেছি। বই দেখেছি। কিন্তু দাম বেশি হওয়ায় চিন্তায় পড়ে গেছি, পছন্দের বইগুলো সংগ্রহ করতে পারব কি না!’

বই কেনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কেনা হয়নি। স্টল ঘুরে দেখছি। পছন্দসই বই পেলে কিনব। তবে লেখক সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়”  উপন্যাসটি বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছি।’