বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক রাজ কাপুরের ঐতিহ্যবাহী মুম্বাইয়ের বাংলোটি বিক্রি হয়ে গেল। আর তা কিনে নিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘গোদরেজ’। গতকাল গোদরেজ প্রপার্টিজ লিমিটেড তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে, বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরির জন্য জায়গা খুঁজছিল সংস্থাটি। প্রকল্পটির নকশা অনুযায়ী অভিনেতা রাজের বাংলোটিই এ ক্ষেত্রে আদর্শ মনে হয়েছে তাদের। সংস্থাটি আরও জানায়, রাজ কাপুরের ঐতিহ্যবাহী এ বাংলোটি উত্তরাধিকারদের কাছ থেকেই কিনে নিয়েছেন তারা। বৈধ চুক্তিতে এ বাংলো কেনার কথা স্বীকার করলেও এর বিক্রয়মূল্য কত ছিল তা প্রকাশ করেনি সংস্থাটি। মুম্বাইয়ের চেম্বুরে রাজ কাপুরের এ বাংলোই প্রথম কেনেনি গোদরেজ সংস্থা। এর আগেও ২০১৯ সালে চেম্বুরেই অবস্থিত কাপুর পরিবারের সম্পত্তি আরকে স্টুডিও কিনে নিয়েছিল গোদরেজ। আরকে স্টুডিওর সে স্থানেও একটি নতুন প্রকল্পের কাজ শুরু করেছে সংস্থাটি। এ বছরেই সে প্রকল্পের কাজ শেষ হবে। বাংলো কেনার বিষয়ে গোদরেজের প্রধান গৌরব পাণ্ডে বলেন, বাংলোটি আমাদের কাছে বিক্রি করায় কাপুর পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের ভরসা অবশ্যই আমরা রাখব। এদিকে বাংলো বিক্রি করা প্রসঙ্গে কাপুর পরিবারের পক্ষ থেকে বলি নায়ক রণবীর কাপুর বলেন, এ বাংলোতে জড়িয়ে আছে পারিবারিক অনেক স্মৃতি, ইতিহাস আর আবেগ। তবে গোদরেজের কাছে এ সম্পদ বিক্রি করে আমাদের পারিবারিক এ সম্পদকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারব। ভারতের অন্যতম বড় সংস্থা গোদরেজ রিয়েল এস্টেট ব্যবসার উন্নতিতে কাজ করছে। সে উন্নয়নের একটি পদক্ষেপই হলো রাজ কাপুরের বাংলো কেনা। তাদের নতুন বিলাসবহুল প্রকল্পটি মুম্বাইয়ের চেম্বুরে দেওনার ফার্ম রোড, টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের গা-ঘেঁষে উঠতে চলেছে।