রসগোল্লা খাওয়া নিয়ে মারামারি, বিয়েবাড়িতে খুন হলেন রণবীর সিং

বিয়েবাড়িতে সামান্য কিছুতেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার আরেকটা উদাহরণ পাওয়া গেল এবার। ভারতে বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে গোলমালের জেরে রণবীর সিং (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বিকাপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বিয়েবাড়িতে অতিথি হিসেবে গিয়েছিল চার যুবক। এ সময় একদিকে চলছিল বিয়ের অনুষ্ঠান আর অন্যদিকে চলছিল খাওয়াদাওয়া। এক ফাঁকে বালতিতে রাখা রসগোল্লা হাতে তুলে নেয় এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে তাকে এভাবে রসগোল্লা খেতে বারণ করেন রণবীর।

এরপরই গোলমালের সূত্রপাত। খুন হন হরিয়ানার বাসিন্দা রণবীর। তাকে লাঠি এবং লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। রণবীর কনের আত্মীয় ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা রণবীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মইনপুরীর পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চার যুবক রজত, অজয়, সত্যবান এবং ভারত পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে’।