শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ 

ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরজুদা বেগমের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের চারটি বিষয়ে পরীক্ষার মধ্যে তিনটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর পূর্বের পরীক্ষা বাতিল করে সোমবার (২০ ফেব্রুয়ারি) পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিবুর রহমান নোটিশ প্রদান করেন।

জানা যায়, রাজাপুর উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়নের বাছাই পর্বের প্রশ্নপত্র তৈরী করার দায়িত্বে ছিলেন শিক্ষা কর্মকর্তা আরজুদা বেগম। কিন্তু পরবর্তীতে উপজেলা পর্যায়ের বাছাই পরীক্ষায় তিনটি বিষয়ে মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ বাঘড়ী ক্লাস্টারের একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক নেতা বলেন, দুই ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দায়িত্বে থাকা আরজুদা বেগম তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার জন্য এই প্রশ্ন ফাঁসের ঘটনাটি ঘটিয়েছেন।

আরজুদা বেগম বলেন, এটা অসাবধানতা বসত হয়ে গেছে। এটা আমিই করেছি এটার দায়ভার আমার। তিনি আরও বলেন, এটা একটি টিম ওয়ার্ক,এখানে অন্য কিছু ঘটেছে।

মো.মনিবুর রহমানের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পরীক্ষা বোর্ডের সভাপতি তার সাথে আলোচনা করে আমরা এই পরীক্ষা বাতিল করেছি এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সময় ঘোষণা করেছি।