রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নেওয়া প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলমকে অপসারণের দাবিতে-বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা গোদাগাড়ী উপজেলার আদিবাসীদের জন্য নেওয়া প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের জন্য নির্বাহী অফিসার জানে আলমকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান। এছাড়া গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের দখলীয় খাস জমিতে নির্বাহী অফিসার জোর করে ঘর নির্মাণ করে অ-আদিবাসীকে ঘর দিচ্ছে। সেসব ঘর থেকে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। উপজেলায় বিভিন্ন আদিবাসী গ্রামের কবরস্থানগুলো ভূমিদস্যুরা জোর জবরদস্তি করে দখল করছে। এসব বিষয়ে গোদাগাড়ী ইউনও অফিসে গেলে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায় না।
এসময় আন্দোলনকারীরা দশটি দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো আগামী ৭ মার্চের মধ্যে মেনে না নিলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে।
পরে তারা বিক্ষোভ মিছিল করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক সুরেশ কুমার শ্যাম দুয়ার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গণেশ মাডি, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সঙ্গে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না বলে জানান।