আমাদের চর্চায় বই পড়া ব্যাপারটা নেই

নব্বই দশকের অন্যতম কথাসহিত্যিক আহমাদ মোস্তফা কামাল। চলতি বইমেলায় তার ‘গল্পসংগ্রহ’র দ্বিতীয় খণ্ড এবং প্রবন্ধগ্রন্থ ‘কতিপয় যতিচিহ্ন’ প্রকাশক করেছে পাঠক সমাবেশ।

এবারের বইমেলায় তিনি দুদিন গিয়েছিলেন বলে জানালেন। ছুটির দিন হওয়ায় প্রচুর ভিড় ছিল জানিয়ে তিনি বলেন, তাদের সবাই পাঠক কি না জানি না।

বাংলাদেশে সাহিত্যের পাঠক বিষয়ে দেশ রূপান্তরকে আহমাদ মোস্তফা কামাল বলেন, ‘সাহিত্যের পাঠকরা কখনো এক লেখকের লেখায় নিজেকে গণ্ডিবদ্ধ করেন না। তারা পাঠে ধারাবাহিক থাকেন, একাধিক লেখককে পাঠ করেন, তুল্যমূল্য বিচারও করতে পারেন। বাংলাদেশে এরকম পাঠক খুবই কম। আমাদের পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিক চর্চার ভেতরে বই পড়ার ব্যাপারটাই নেই। পাঠক তৈরি হবে কী করে? অধিকাংশ পাঠক তাই বিজ্ঞাপন দেখে অথবা কারও কাছ থেকে শুনে বাজারচলতি লেখকের বই-ই পড়েন। দু-চারটা পড়ে ক্ষান্তও দেন। এরকমই চলছে।’

আপনার লেখা কারা পড়েন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পাঠক কারা, তা জানি না। সব বয়সের পাঠককেই আমার লেখা নিয়ে কথা বলতে দেখি। শুধু একটা ব্যাপার নিশ্চিতভাবে বলা যায়, আমার ছাত্রছাত্রীরা লেখা খুব একটা পড়ে না। তারা আসলে জানেই না যে আমি লিখি। আমি কখনো আমার লেখক-জীবন এবং শিক্ষক-জীবনকে পরস্পরের সঙ্গে বিনিময় করিনি। যদি ছাত্রছাত্রীদের জানাতাম তাহলে হয়তো আমার বইও তিন দিনে কয়েক হাজার কপি বিক্রি হয়ে যেত। তাতে বই বিক্রির অহংকার করা যেত হয়তো, কিন্তু নিজের ভেতরে যে অমোচনীয় গ্লানির জন্ম হতো, তা আর মুছে ফেলা যেত না।’

পাঠকের ওপর আপনার লেখার কোনো প্রভাব দেখতে পান কি না জানতে চাইলে এ কথাসাহিত্যিক বলেন, ‘ওভাবে তো খুঁজে দেখা হয়নি। তবে কখনো কখনো কোনো পাঠক বলেন যে, আমার কোনো এক বা একাধিক লেখা পড়ে তার বা তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছিল। এটাকে প্রভাব বলা যায় কি না জানি না।’

পাঠকের সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে জানিয়ে আহমাদ মোস্তফা কামাল বলেন, ‘এরকম স্মৃতি অনেক। যেটুকু পরিচিতি পেয়েছি তা তো লেখালেখির জন্যই। পাঠকরা গ্রহণ না করলে এতদিন পর্যন্ত হয়তো লিখে যেতে পারতাম না। কিছু সুন্দর স্মৃতি আছে পাঠকদের সঙ্গে, তারা নানাভাবে তাদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন, সেসব সবার সঙ্গে শেয়ার করতে চাই না। বরং ওগুলো ব্যক্তিগত পর্যায়ে থাকাই ভালো।’

আহমাদ মোস্তফা কামাল বর্তমানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করছেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘দ্বিতীয় মানুষ’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। গল্প, উপন্যাস, প্রবন্ধ, মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ৩৫টি গ্রন্থ। তার চতুর্থ গল্পগ্রন্থ ‘ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ্য’ লাভ করে ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৩’ পুরস্কার। দ্বিতীয় উপন্যাস ‘অন্ধ জাদুকর’ ‘এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার’ জিতে নেয় ২০০৯-এ এবং তৃতীয় উপন্যাস ‘কান্নাপর্ব’ লাভ করে ‘জেমকন সাহিত্য পুরস্কার-২০১৩’।