ডিএসইতে নতুন চার স্বতন্ত্র পরিচালক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক পদে চারজনের নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল সোমবার এই নিয়োগ অনুমোদন করা হয় বলে কমিশন সূত্রে জানা গেছে। এর আগে ডিএসইর পক্ষ থেকে এসইসির কাছে  ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। যেখান থেকে গতকাল চারজনের নিয়োগ অনুমোদন করে এ-সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠিয়েছে এসইসি।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, একই বিশ^বিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এসইসি সূত্রে জানা গেছে, আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য হিসাববিদ, আইনজীবী ও আর্থিক বাজার বিশেষজ্ঞদের মধ্য থেকে ছয়জনের নাম পাঠানোর জন্য ডিএসইকে বলা হয়েছে। এক্সচেঞ্জটির কাছ থেকে এই তালিকা পাওয়ার পর নতুন করে দুজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দেবে এসইসি।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জন পরিচালকের মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক, চারজন শেয়ারহোল্ডার পরিচালক, কৌশলগত বিনিয়োগকারীর পক্ষে একজন মনোনীত পরিচালক ও পদাধিকার বলে পরিচালক হিসেবে থাকেন স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক।