ব্যাংকিং ডিপ্লোমার সিলেবাসে আসছে পরিবর্তন

সিনিয়র অফিসার বা সমমান-পরবর্তী পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়ে সম্প্রতি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে, গতকাল সোমবার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আগের সিদ্ধান্ত বহাল থাকলেও ব্যাংকিং ডিপ্লোমার মানোন্নয়নসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকিং ডিপ্লোমার সিলেবাসে পরিবর্তন আসবে। পাস মার্কও ৫ নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল অনুষ্ঠিত হওয়া দ্বিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আবদুর রউফ তালুকদার। সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ উপস্থিত ছিলেন আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের এমডি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ব্যাংক কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমার বিকল্প নেই। তাই যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বহাল থাকবে। এ নিয়ে বেশ কিছু আপত্তি আছে। তবে ডিপ্লোমার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেমন ডিপ্লোমার প্রথম পর্বে অ্যাকাউন্টিং নামের সাবজেক্টটি আর থাকবে না। প্রথম পর্বে ব্যাংকিং সুশাসন নিয়ে আলোকপাত করা হবে। অ্যাকাউন্টিংয়ের বিষয়টি দ্বিতীয় পর্বে থাকতে পারে। তাছাড়া পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস নিয়ে যেসব পরিবর্তন আসবে সে সম্পর্কে খুব দ্রুতই জানানো হবে।

তিনি আরও বলেন, এখান থেকে ডিআইবিবির দুই কোর্স সম্পন্ন করেছেন এমন শিক্ষক দিয়ে খাতা পর্যালোচনা করা হবে। পরীক্ষার হলে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট। নকল করার কোনো সুযোগ থাকবে না। নকলের কোনো প্রমাণ পেলে কর্মকর্তা চাকরিও হারাতে পারেন। এ ক্ষেত্রে শূন্য সহনশীলতা অবলম্বন করবে বাংলাদেশ ব্যাংক। তবে পরীক্ষাটির নাম পরিবর্তন করে ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন’ নামে অবহিত করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরালো দাবি উঠেছে। তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকিং ডিপ্লোমার নাম পরিবর্তনসহ পরীক্ষা পদ্ধতি, খাতাপত্র মূল্যায়ন ইত্যাদি বিষয়ে আমূল পরিবর্তন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে, পাস মার্কে ৫ নম্বর কমানো হয়েছে। বর্তমানে কোনো বিষয়ে পাস করতে ৫০ নম্বর পেতে হয়। এ ছাড়া আপাতত সময় বৃদ্ধি হচ্ছে না। প্রয়োজনে পরবর্তীকালে সময় বৃদ্ধি করা হতে পারে বলেও জানান এ শীর্ষ ব্যাংককর্তা।

গত ৮ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হয়। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন পদে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে ডাক্তার, প্রকৌশলী, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কথা উল্লেখ করা হয়েছে।